ক্লিনিক্যাল এমব্রায়োলজি বিষয়ে অর্জিত উচ্চতর ডিগ্রি নিয়ে সৃষ্ট বিতর্কে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রস্তুতির ঘাটতি ও আধুনিক চিকিৎসাবিজ্ঞান সম্পর্কে ধারণার অভাবকে সামনে এনেছেন বিশিষ্ট বন্ধ্যত্ব চিকিৎসা বিশেষজ্ঞ ডা. মৃণাল কুমার সরকার। শুক্রবার (২৩ জানুয়ারি) এক সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্বজুড়ে স্বীকৃত একটি বিশেষায়িত ডিগ্রি সম্পর্কে সঠিক ধারণা না থাকায় বিএমডিসি বিভ্রান্তিকর প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি ডা. এস এম খালিদুজ্জামানের ক্লিনিক্যাল এমব্রায়োলজি ডিগ্রি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিএমডিসির পক্ষ থেকে শোকজ নোটিশ জারির প্রেক্ষাপটে ডা. মৃণাল এই মন্তব্য করেন। এভারকেয়ার ফার্টিলিটি সেন্টারের কো-অর্ডিনেটর ডা. মৃণাল বলেন, “ক্লিনিক্যাল এমব্রায়োলজি একটি অত্যন্ত বিশেষায়িত সাবস্পেশালিটি। আমাদের নীতিনির্ধারক পর্যায়ে এই ডিগ্রির প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় এটি বিদ্যমান কাঠামোর কোন শ্রেণিতে পড়বে, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, এই ডিগ্রির স্বীকৃতির জন্য অধ্যাপক টি এ চৌধুরী এবং ওজিএসবি-এর মাধ্যমে বিএমডিসিতে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকি ডা. খালিদুজ্জামানকে কোনো পদে নিয়োগের আগেই বিষয়টি নিয়মিতকরণের চেষ্টা করা হয়। কিন্তু বিএমডিসি কর্তৃপক্ষ বিষয়টি ‘অজানা’ হিসেবে দেখে এড়িয়ে গেছে।

ডা. মৃণাল কুমার সরকারের মতে, এটি কেবল একজনের ব্যক্তিগত সমস্যা নয়; বরং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গতির সঙ্গে দেশের নিয়ন্ত্রক সংস্থার তাল মেলাতে না পারার ব্যর্থতা। তিনি আশা করেন, নীতিনির্ধারকদের মধ্যে বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে, যা ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি এড়াতে সাহায্য করবে।