সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক মো. হাসিবুর রহমানকে (অপু ঠাকুর) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে হাসিবুর রহমানকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জাহিদ জানান, হাসিবুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে বা স্বতন্ত্র হিসেবে মাঠে থাকায় তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।



মন্তব্য করুন