ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও প্রখ্যাত নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদের মৃত্যুর পর তাকে দেওয়া যেকোনো ধরনের রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক সম্মাননা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন তার স্ত্রী ডলি চৌধুরী। দীর্ঘ লড়াই শেষে গত বুধবার (২১ জানুয়ারি) ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।
শুক্রবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্ষোভ প্রকাশ করে ডলি চৌধুরী বলেন, “জীবিত অবস্থায় জাভেদকে তার কর্মস্থল বা রাষ্ট্র থেকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। ৫৫ বছর ধরে এই ইন্ডাস্ট্রির জন্য তিনি নিজের সবটুকু দিয়ে গেছেন। এখন তিনি নেই, এখন এসব সম্মাননা দিয়ে কী হবে? আমি তার পক্ষ থেকে সকল মরণোত্তর সম্মাননা ও পুরস্কার প্রত্যাখ্যান করছি।”
তিনি আরও যোগ করেন, “জাভেদ যা করেছেন, তার বিনিময়ে আর কোনো লৌকিক স্বীকৃতির প্রয়োজন নেই। আমি শুধু সবার কাছে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাই।”
পাকিস্তানি বংশোদ্ভূত রাজা মোহাম্মদ ইলিয়াস ওরফে জাভেদ ১৯৬৪ সালে ‘নয়ি জিন্দেগি’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ‘পায়েল’, ‘নিশান’, ‘রাখাল রাজা’ এবং ‘রসের বাইদানী’র মতো অসংখ্য সুপারহিট চলচ্চিত্রের এই নায়ক শাবানা থেকে শুরু করে সমসাময়িক সব বড় অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন। জীবদ্দশায় বড় কোনো স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ নিয়েই না ফেরার দেশে চলে গেলেন ঢাকাই সিনেমার এই ‘ড্যান্সিং হিরো’।



মন্তব্য করুন