বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে তার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন। তবে যারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না, তাদের ভয়ের কিছু নেই। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর খুররমখাঁ আদর্শ কলোনি এলাকায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “হাসিনা আপা ভারতে গিয়ে তাদের সাধারণ কর্মী-সমর্থকদের বিপদে ফেলে গেছেন। আমরা সেই কর্মীদের পাশে আছি। যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু যারা নির্দোষ তাদের কোনো শাস্তি হতে দেব না।” তিনি আরও যোগ করেন, একটি পক্ষ দেশে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করছে, কিন্তু বিএনপি হিন্দু-মুসলিম সবার সমান নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে ফখরুল জানান, এবারের নির্বাচনই তার জীবনের শেষ নির্বাচন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “১১১টি মামলায় সাড়ে তিন বছর জেল খেটেছি। আমার স্ত্রীর অপারেশনের সময়ও আমি কারাগারে ছিলাম। তবুও আমি বা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কেউ অন্যায়ের কাছে মাথা নোয়াইনি।”
কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য এবং শ্রমিকদের পাওনা নিশ্চিত করার অঙ্গীকার করে বিএনপি মহাসচিব জনগণকে ‘মোনাফেক’ ও ‘মিথ্যাবাদীদের’ হাত থেকে দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন