ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় এক অনন্য ও হৃদ্যতাপূর্ণ আবহের সৃষ্টি করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে আয়োজিত জনসভায় সরাসরি সাধারণ মানুষের সাথে কথা বলার সময় উঠে আসে ছোটবেলার স্মৃতি ও এলাকার সমস্যার কথা।
সমাবেশের এক পর্যায়ে মঞ্চে আসা এক ব্যক্তি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, “ভাইয়া, ছোটবেলায় আপনার গাছের অনেক পেয়ারা চুরি করে খেয়েছি। আমাকে ক্ষমা করে দেবেন।” তারেক রহমান হেসে জিজ্ঞেস করেন তার বাড়িতে জায়গা আছে কি না। উত্তরে ‘হ্যাঁ’ সূচক শব্দ শুনলে তিনি পরামর্শ দেন, “ওখানে পেয়ারা গাছ লাগাবেন, আর আমাকে দুইটি পেয়ারা দিয়ে যাবেন।” নেতার এমন রসিকতাপূর্ণ উত্তরে জনসভায় হাসির রোল পড়ে।
ভাষানটেকের বিআরবি মাঠে অনুষ্ঠিত এই জনসভায় তারেক রহমান কেবল বক্তব্য না দিয়ে মঞ্চে ডেকে নেন রিকশাচালক, গার্মেন্টসকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের। মিরপুর ও ভাষানটেক এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে তিনি সাধারণ ভোটারদের কাছে এলাকার মূল সমস্যা জানতে চান। ৩০ বছর ধরে বস্তিতে থাকা ভ্যানচালক জুয়েল এবং গার্মেন্টসকর্মী লিলি বেগম বস্তিবাসীর স্থায়ী পুনর্বাসনের দাবি জানান। হেনা আক্তার নামে এক শিক্ষার্থী ভাষানটেক ও কচুক্ষেত এলাকাকে ক্যান্টনমেন্ট এলাকার মতো পরিকল্পিত করার প্রস্তাব দেন।
তারেক রহমান উপস্থিত জনতাকে ফ্যামিলি কার্ড দেখিয়ে প্রতিশ্রুতি দেন যে, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবার এই সুবিধা পাবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনলে তিনি নির্বাচিত হয়ে সেসব সমস্যা সমাধানের ওয়াদা করেন। দীর্ঘ সময় বিদেশে থাকলেও নিজেকে ‘এলাকার সন্তান’ দাবি করে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট চান।



মন্তব্য করুন