দীর্ঘ ২১ বছর পর বন্দরনগরী চট্টগ্রামের মাটিতে পা রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আজ রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামসহ চারটি জেলায় মোট ছয়টি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি।

শনিবার সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ। এর আগে বিকেলে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে আকাশপথে চট্টগ্রামে পৌঁছান তিনি। তার এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

রোববারের সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রথম নির্বাচনি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর বিকেলে তিনি ফেনী পাইলট স্কুল মাঠে এবং বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে বক্তব্য দেবেন। দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লা যাচ্ছেন তিনি।

কুমিল্লায় আজ মোট তিনটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি প্রধানের। চৌদ্দগ্রামের পর সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের সুয়াগাজীর ডিগবাজি মাঠ এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনি দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন। ঢাকা ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে দিনশেষে শেষ জনসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রচার কার্যক্রম ২২ জানুয়ারি সিলেট থেকে শুরু করেন তারেক রহমান। দেশব্যাপী ঝটিকা সফরের মাধ্যমে ভোটারদের ধানের শীষ প্রতীকে উদ্বুদ্ধ করার এই দ্বিতীয় ধাপের কর্মসূচি আজ নারায়ণগঞ্জে শেষ হবে।