নির্বাচনী প্রচারণায় ভোট চাওয়াকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতীবান্ধা বাজার সংলগ্ন কসাইটারি এলাকায় এই সংঘাতের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে কসাইটারি এলাকায় একই সময়ে বিএনপি ও জামায়াতের কর্মীরা গণসংযোগে নামলে পরিস্থিতির অবনতি ঘটে। ভোটারদের কাছে নিজেদের প্রার্থীর পক্ষে সমর্থন চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন বিক্ষুব্ধ কর্মীরা রাস্তায় থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী প্রচারণার সময় দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা শুরু হয়েছে, হাতীবান্ধার এই ঘটনা তারই ধারাবাহিকতা বলে মনে করছেন স্থানীয়রা।