আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি রোধে নেতাকর্মীদের বিশেষ কৌশল অবলম্বনের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আহ্বান জানিয়েছেন, ভোটের দিন সকালে তাহাজ্জুদ পড়ে সবাই যেন কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করেন এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেন।

রবিবার (২৫ জানুয়ারি) রাতে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি তার দলের আগামীর রাষ্ট্র পরিচালনার রূপরেখা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

তারেক রহমান বলেন, “ভোটের দিন ভোরে সবাই মিলে কেন্দ্রে যাবেন। সেখানে ফজরের নামাজ জামাতে আদায় করে ভোট দেবেন। এরপর সারাদিন কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল বুঝে তবেই বাড়ি ফিরবেন।”

বক্তব্যে দেশের স্বাস্থ্য খাত ও গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান বিএনপি প্রধান। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত পল্লী চিকিৎসক ব্যবস্থার আদলে সারা দেশে নতুন করে ‘হেলথ কেয়ার’ ব্যবস্থা চালু করা হবে, যাতে ছোটখাটো অসুস্থতায় মানুষকে দূরের হাসপাতালে ছুটতে না হয়।

ফেনী-নোয়াখালী অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে তারেক রহমান ২০২৪ সালের ভয়াবহ বন্যার স্মৃতি স্মরণ করে বলেন, উজানের পানিতে এই অঞ্চলগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর করতে অগ্রাধিকার ভিত্তিতে ‘খাল খনন’ কর্মসূচি পুনরায় চালু করা হবে। এছাড়া দেশের বেকার সমস্যা সমাধানে বিদেশগামীদের জন্য বিশেষ ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। দুর্নীতি ও অনিয়মের লাগাম টেনে ধরে একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়াই বিএনপির মূল লক্ষ্য।