আওয়ামী লীগ ও ‘নৌকা’ প্রতীকের রাজনৈতিক অস্তিত্ব এখন বিলুপ্ত এবং শেখ হাসিনা নিজেই নিজের দলের কবর রচনা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, যারা ভারতের দাসত্ব করেছে, তারা এখন সে দেশেই ‘রপ্তানি’ হয়ে গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) ভোরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কক্সবাজারের পেকুয়ায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভার বক্তব্য উদ্ধৃত করে তিনি এসব কথা বলেন। এর আগে রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে পেকুয়ার টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আজ দেশে নৌকা নেই, আওয়ামী লীগও নেই। শেখ হাসিনা নিজেই এই দুইটিকে দাফন করে দিয়েছেন। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের একমাত্র রক্ষাকবচ এখন বিএনপি ও ধানের শীষ।”
প্রতিপক্ষ শিবিরের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আমরা আমাদের উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচি জনগণের কাছে স্পষ্ট করেছি। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বীদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তারা স্রেফ ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যদি দেশের প্রকৃত মালিকানা ফিরে পেতে চান এবং সমৃদ্ধি ও অগ্রগতি চান, তবে ধানের শীষে ভোট দিন।”
দীর্ঘদিন পর নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় হওয়া সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাকশালীরা এ দেশের মানুষের ওপর যে দুঃশাসন চালিয়েছে, তার অবসান হয়েছে। এখন উন্নয়নের অপর নাম বিএনপি।
টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন