বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসন্ন নির্বাচনে ভোটারদের নিজেদের ভোটাধিকার রক্ষায় কেন্দ্র পাহারার আহ্বান জানিয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন জনগণকে ভোট দেওয়ার পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পাহারা দিতে হবে। তিনি দাবি করেন, বিগত ১৭ বছরে ভোটাররা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন এবং বর্তমান নির্বাচন ঘিরেও নানা ষড়যন্ত্র চলছে। এ সময় তিনি ১২ ফেব্রুয়ারি ভোরেই ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান।
দলীয় পরিকল্পনার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, রাষ্ট্রক্ষমতায় গেলে অসহায় ও দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এছাড়া শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলার বিষয়ে তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো দলের হোক না কেন, সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। চট্টগ্রাম ও কুমিল্লায় পথসভা শেষে রাত প্রায় দুইটায় তিনি জনসভাস্থলে পৌঁছান এবং নারায়ণগঞ্জের পাঁচটি আসনের দলীয় প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।



মন্তব্য করুন