ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৩৪৯ জন আরোহী নিয়ে একটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে জাম্বোয়াঙ্গা থেকে সুলু প্রদেশের জোলোতে যাওয়ার পথে এমভি ত্রিশা কেরস্টিন ৩ নামের জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।
ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) জানায়, জাহাজটিতে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু সদস্য ছিলেন। এখন পর্যন্ত ৩১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ থাকা অবশিষ্ট ২৮ জনের সন্ধানে সাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সাউদার্ন মিনদানাও ডিস্ট্রিক্টের কোস্ট গার্ড কমান্ডার রোমেল দুয়া জানান, সমুদ্র শান্ত থাকায় উদ্ধার কাজ দ্রুত পরিচালনা করা সম্ভব হচ্ছে। উদ্ধার অভিযানে সহায়তার জন্য সামরিক বিমান ও জাহাজ মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
বাসিলান দ্বীপ প্রদেশের গভর্নর মুজিভ হাতামান জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে অধিকাংশ সুস্থ থাকলেও বেশ কয়েকজন বয়স্ক যাত্রীকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে উদ্ধারকৃতদের তালিকার সাথে মূল যাত্রী তালিকা যাচাইয়ের কাজ চলছে। উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ফেরি ও জাহাজ দুর্ঘটনা ঘটে থাকে।



মন্তব্য করুন