আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে ‘আদর্শিক মতপার্থক্য’ এবং ‘ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সংকল্প’কে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, শরিয়াহ আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
মুফতি ফয়জুল করীম বলেন, জোটের শরিকদের অনেকেই ক্ষমতায় গেলে শরিয়াহভিত্তিক আইন পাসের পক্ষে নন। ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যেই তার দল ২৫৯টি আসনে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরিয়াহ আইনের পরিবর্তে প্রচলিত আইনে দেশ পরিচালনার যে ঘোষণা দিয়েছে, তা তাদের ইসলামপন্থি অবস্থানের বিপরীত।
নির্বাচন পরবর্তী জোট গঠন প্রসঙ্গে তিনি জানান, দেশ ও ইসলামের কল্যাণে বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে অংশীদারত্বের সুযোগ থাকলে শর্তসাপেক্ষে তা বিবেচনা করা হবে। তবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ বা আধিপত্য মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে এই ইসলামী নেতা বলেন, বর্তমানে প্রশাসন একটি নির্দিষ্ট দলকে বিশেষ নিরাপত্তা ও সমর্থন দিচ্ছে যা বেআইনি। নিরপেক্ষ নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিলেও, অনিয়ম হলে নির্বাচন বর্জনের ইঙ্গিত দেন তিনি। বর্তমানে তার দলের কর্মীরা সারাদেশে একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।



মন্তব্য করুন