ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ ও বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় দেশ টানা পাঁচ দিনের ছুটির আওতায় আসছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) তাদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প-কারখানার কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই ছুটি কার্যকর হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক রুলস অব বিজনেস অনুযায়ী এই ক্ষমতা প্রয়োগ করা হয়েছে।
নির্বাচনকালীন জননিরাপত্তা নিশ্চিত এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ করে দিতেই সরকার এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



মন্তব্য করুন