২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে চার পুলিশ সদস্যকে কম সাজা দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে প্রসিকিউশন। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।
মামলায় শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলেও প্রদত্ত সাজা ন্যায়সংগত হয়নি। এই রায়ের বিরুদ্ধে প্রসিকিউশন উচ্চ আদালতে আপিল করবে বলে তিনি জানান।
একই মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুজন হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম। মামলার নথিতে উল্লেখ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি গুলিবর্ষণে ছয়জন নিহত হন।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. জিয়াউর রশিদ এবং পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কুতুবউদ্দিন আহমেদ।



মন্তব্য করুন