সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল আমিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে প্রিজনভ্যানে ওঠার সময় সিয়াম সাংবাদিকদের কাছে দাবি করেন, তার বাবা তাকে ৩৫ লাখ টাকার সম্পদ দিয়েছেন এবং এর জন্য তিনি দায়ী নন।
গত ৫ জানুয়ারি সিয়াম, তার বাবা আবেদ আলী এবং মা শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা করে দুদক। সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার নথিতে আবেদ আলীর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে।
এর আগে প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত আবেদ আলীর পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে দুদক। সিয়ামের মা শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধেও ১ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।



মন্তব্য করুন