পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের সময় শেষ হয়ে গেছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের তুলারডাঙ্গা এলাকায় এক নির্বাচনী প্রচার সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তা এখন আর সম্ভব নয়। সাহস থাকলে সংশ্লিষ্টদের দেশে এসে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রজন্ম দেশের প্রয়োজনে পুনরায় মাঠে নামতে প্রস্তুত রয়েছে।

প্রশাসনের ভূমিকা নিয়ে ১১ দলীয় জোটের এই নেতা বলেন, ক্ষমতার অপব্যবহার বন্ধ করে জনগণের সঙ্গে ইনসাফ করা গেলে দেশকে বর্তমান সংকট থেকে মুক্ত করা সম্ভব। প্রশাসন যদি সব রাজনৈতিক দলের ক্ষেত্রে সমান নিয়ম নিশ্চিত করতে না পারে, তবে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে সারজিস আলম বলেন, নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, যা স্বৈরাচারী আচরণের শামিল। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা চাঁদাবাজি, জুলুম ও মিথ্যা মামলায় জড়িত ছিল না, তাদের নিয়েই ১১ দলীয় জোট গঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। স্বচ্ছ ভোট নিশ্চিত হলে সারাদেশে এই জোটের জয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।