দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (২৬ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি জানুয়ারি মাসেই সাত দফায় স্বর্ণের দাম বৃদ্ধি পেল, যার ফলে মাসের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে প্রায় ৩০ হাজার টাকার বেশি।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫২৫ টাকা বাড়িয়ে ৭ হাজার ৭৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মানভেদে অন্যান্য রুপার দামও আনুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে।



মন্তব্য করুন