জামালপুরের সরিষাবাড়ীতে গভীর রাতে দুই যুবদল নেতার বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন— ডোয়াইল ইউনিয়ন যুবদলের সদস্য মো. লিটন মিয়া এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ওয়াসিম মুন্সি।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালিয়ে কেরোসিন ভর্তি বোতলে আগুন ধরিয়ে বসতঘর লক্ষ্য করে নিক্ষেপ করে। এসময় হামলাকারীরা লিটন মিয়ার বাড়ির বেড়া ভাঙচুর করে পালিয়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে রাত ৪টার দিকে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



মন্তব্য করুন