পটুয়াখালীর বাউফলে দুধ দিয়ে গোসল করে প্রতীকী শুদ্ধির মাধ্যমে তিন শতাধিক নেতাকর্মীসহ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি নেতা জালাল হাওলাদার। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বগা প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের উপস্থিতিতে বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি জালাল হাওলাদার দুধ দিয়ে গোসল করে বিএনপি ত্যাগের ঘোষণা দেন। তার সঙ্গে বগা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস. এম. আমিনুল ইসলাম এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জামায়াতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সংস্কার ও সুশাসনের লক্ষ্যে জামায়াতের অবস্থান ইতিবাচক হওয়ায় মানুষ এই দলে যোগ দিচ্ছেন। দলত্যাগের কারণ হিসেবে জালাল হাওলাদার অভিযোগ করেন, বিএনপি মনোনীত প্রার্থী স্থানীয় নেতাকর্মীদের মূল্যায়ন না করে আওয়ামী লীগের লোক দিয়ে নির্বাচন পরিচালনা করছেন।
এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন