বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় বিধায় বিএনপি রাষ্ট্র পরিচালনায় গেলে ফ্যামিলি কার্ড প্রবর্তন করবে। এসময় তিনি দাবি করেন, বিগত বছরগুলোতে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকার গুলশান থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারম্যান। প্রায় ২২ বছর পর ময়মনসিংহে তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সর্বশেষ ২০০৪ সালে তিনি এই জেলা সফর করেছিলেন।

ময়মনসিংহের কর্মসূচি শেষে ঢাকা ফেরার পথে তারেক রহমান আরও দুটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং সন্ধ্যা ৭টায় উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে তার বক্তব্য দেওয়ার কর্মসূচি নির্ধারিত রয়েছে।