ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আনা হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগ ও গুলবাগ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মির্জা আব্বাস জানান, প্রতিপক্ষ প্রার্থীর ওপর কোনো ধরনের হামলা বা হুমকির ঘটনা ঘটেনি। চায়ের আমন্ত্রণের বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলে তিনি দাবি করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কার্যক্রমকে ‘পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা’ হিসেবে অভিহিত করেন এই বিএনপি নেতা।
নির্বাচনী জনসভায় মির্জা আব্বাস বলেন, ১৯৯১ সাল থেকে তিনি এই এলাকায় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন এবং রাজনৈতিক সংকটে সবসময় স্থানীয় মানুষের পাশে ছিলেন। প্রতিপক্ষ প্রার্থীদের ‘অতিথি পাখি’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ১২ তারিখে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এলাকায় চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন এবং এটি রাজনৈতিক কৌশলের অংশ।
মঙ্গলবার বিকেলে ১১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে একটি মিছিলে নেতৃত্ব দেন মির্জা আব্বাস। মিছিলটি শাহজাহানপুর থেকে শুরু হয়ে মালিবাগ মোড় হয়ে রাজারবাগ পুলিশ গেটে গিয়ে শেষ হয়। এ সময় তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান।



মন্তব্য করুন