প্রশাসনের যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তাদের এই পদোন্নতির জন্য প্রধানত বিবেচনা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ব্যাচের মোট ৪০৭ জন কর্মকর্তার মধ্যে ১১৮ জনকে পদোন্নতি দেওয়া হলো। এর ফলে প্রশাসনে বর্তমানে অতিরিক্ত সচিবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪০৩ জনে। তবে এই পদের বিপরীতে মঞ্জুরিকৃত স্থায়ী পদ রয়েছে মাত্র ২১২টি।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কোনো কর্মকর্তার দপ্তর পরিবর্তন হয়ে থাকলে তাকে বর্তমান দপ্তরের ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। এছাড়া পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই পদোন্নতি আদেশ সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

আদেশে আরও জানানো হয়, কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা নির্ধারিত ই-মেইলে ([email protected]) তাদের যোগদানপত্র দাখিল করতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১৬ দিন আগে প্রশাসনের এই পদোন্নতি সম্পন্ন হলো।