নওগাঁর আত্রাই উপজেলায় এক নারীর বিরুদ্ধে তালাকপ্রাপ্ত সাবেক স্বামীর সঙ্গে বসবাসের পাশাপাশি প্রবাসী দ্বিতীয় স্বামীর কাছ থেকে নিয়মিত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বিলকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিলকৃষ্ণপুর গ্রামের সান্টু রহমানের সঙ্গে মাহফুজা বেগমের ২০ বছরের সংসার ও একটি সন্তান রয়েছে। ২০১৩ সালে একটি বিয়ের অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী সামছুল আলমের সঙ্গে পরিচয় হয় মাহফুজার। দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের একপর্যায়ে মাহফুজা তার প্রথম স্বামী সান্টুকে তালাক দিয়ে ৩৩ লাখ টাকা দেনমোহরে সামছুল আলমকে বিয়ে করেন।

বিয়ের তিন মাস পর সামছুল আলম যুক্তরাষ্ট্রে ফিরে যান। অভিযোগ উঠেছে, দ্বিতীয় স্বামী বিদেশে যাওয়ার পর মাহফুজা কোনো বৈধ আইনি প্রক্রিয়া ছাড়াই আবারও সাবেক স্বামী সান্টু রহমানের সঙ্গে বসবাস শুরু করেন। তবে তিনি প্রবাসী স্বামী সামছুল আলমের কাছ থেকে নিয়মিত সংসার খরচের টাকা নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে, প্রবাসী সামছুল আলম তার প্রথম স্ত্রী ও সন্তানদের কাছে এই দ্বিতীয় বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন। সম্প্রতি তার আচরণে পরিবর্তন আসায় পরিবারের সদস্যরা চাপ দিলে তিনি স্বীকার করেন যে, নওগাঁর এক নারীর সঙ্গে তাকে ‘ফাঁসিয়ে’ বিয়ে দেওয়া হয়েছে।

আইনজীবীদের মতে, প্রচলিত আইন ও ধর্মীয় বিধান অনুযায়ী একজন নারীর একসঙ্গে একাধিক স্বামী রাখার কোনো সুযোগ নেই। নওগাঁর আইনজীবী আতাউর রহমান জানান, ইসলাম ধর্মে নারীদের বহুবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ। দেশের আইন অনুযায়ী এই অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।