নির্বাচনি প্রচারে প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি ব্যবহার ও ভোটারদের প্রলোভন দেখানোর অভিযোগ তুলেছে বিএনপি। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কমিটির মুখপাত্র মাহাদী আমীন।
মাহাদী আমীন বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ভোট চাইতে গিয়ে ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে। তারা ভোটারদের জান্নাতের প্রলোভন দেখানো, পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে শপথ করানো এবং এমনকি ডিজিটাল মাধ্যমে অর্থ প্রদানের প্রস্তাব দিচ্ছে। একদিকে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, অন্যদিকে অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করছে—যা তাদের রাজনৈতিক দ্বিচারিতারই বহিঃপ্রকাশ।
বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও সিটি করপোরেশন গঠন সংক্রান্ত এক নেতার প্রতিশ্রুতির প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রকল্প ইতোমধ্যে রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত এবং প্রশাসনিক কার্যক্রম চলমান। বিদ্যমান সরকারি সিদ্ধান্তকে নতুন দলীয় প্রতিশ্রুতি হিসেবে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে নওগাঁর সাপাহারে জনৈক মুয়াজ্জিনকে রাজনৈতিক কারণে চাকরিচ্যুত করার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। মাহাদী আমীন অভিযোগ করেন, ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে প্রচার করায় ওই মুয়াজ্জিনকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা নাগরিক অধিকারের চরম লঙ্ঘন। অবিলম্বে তাকে স্বপদে বহালের দাবি জানান তিনি।
এছাড়া সিলেটে জনৈক প্রার্থীর ‘পুলিশি অভিযানে প্রার্থীর অনুমতি লাগবে’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে বিএনপি মুখপাত্র বলেন, এই ধরনের বক্তব্য অসাংবিধানিক ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী। এটি সরাসরি ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন। নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।



মন্তব্য করুন