বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, গত ১৬ বছর ছিল দেশের জন্য এক দুঃস্বপ্নের সময়। আওয়ামী লীগ সরকার বিদেশের তোষণ করে কেবল তাদেরই স্বার্থ রক্ষা করেছে। এখন সীমান্ত পেরিয়ে নিরাপদ আশ্রয়ে থেকে তারা দেশে নতুন করে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র করছে। ব্যালটের মাধ্যমে আসন্ন নির্বাচনেই এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শিক্ষা খাতের সংস্কার নিয়ে সমালোচনা করে তিনি বলেন, দেড় বছরেও অন্তর্বর্তী সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। নির্বাচনের মাধ্যমে একটি সুশিক্ষিত ও দায়িত্বশীল সরকার গঠিত হবে, যারা শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল। এসময় স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।