নির্বাচনি প্রচারাভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে উত্তরাঞ্চলে তিন দিনের সফর শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরের প্রথম দিনে তিনি রাজশাহী ও নওগাঁর একাধিক জনসভায় যোগ দেবেন।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফরের এই কর্মসূচিকে কেন্দ্র করে বরেন্দ্র অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

রাজশাহীর সমাবেশ শেষ করে তিনি সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা হবেন। সেখানে বিকেল সাড়ে ৫টায় শহরের এটিএম মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। এরপর রাতেই তিনি বগুড়ায় পৌঁছে আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত অপর একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন।

আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সফরের দ্বিতীয় দিনে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেলে রংপুর ঈদগাহ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। সফরের শেষ দিন অর্থাৎ ৩১ জানুয়ারি (শনিবার) তিনি বিসিক শিল্প পার্ক এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় দুটি নির্বাচনি সভায় বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে দেশব্যাপী নির্বাচনি সফর শুরু করেন বিএনপি চেয়ারম্যান। এরপর চট্টগ্রাম ও ময়মনসিংহে সফল সমাবেশের পর এটি তার চতুর্থ বড় সফর। এ পর্যন্ত তিনি দেশের বিভিন্ন স্থানে মোট ১৬টি নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন।