অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ–২’-এর অংশ হিসেবে মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি দুপুর ১টায় বিসিজি বেইস মোংলা মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার এলাকা থেকে ওই ডাকাত সহযোগীকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৯ জানুয়ারি সকাল ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় আরও একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী মোশাররফের কাঠের নৌকা থেকে দুটি একনলা বন্দুক ও আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি রাসেল হাওলাদার (৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা বলে জানানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি কার্যক্রমে জড়িত ছিলেন এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র–গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।