ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে বিএনপি তাদের জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়েছে। তবে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের কমিটির বেশিরভাগ নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে মাঠে নামেন। জোটের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবিএম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, “দলের শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। অধিকাংশ সদস্য শৃঙ্খলা ভঙ্গ করায় পুরো কমিটির কার্যক্রম স্থগিত করে সতর্ক করা হয়েছে।”
উল্লেখ্য, রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।



মন্তব্য করুন