আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ‘গণভোট’। ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) ২০২৫’ বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠেয় এই গণভোটে ভোটারদের রায়ের ওপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের শাসনতান্ত্রিক কাঠামো।
ইত্তেফাকের প্রতিবেদনে জানানো হয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে নবনির্বাচিত সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে বেশ কিছু মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে, ‘না’ জয়ী হলে এসব সংস্কার বাস্তবায়নে নতুন সরকারের ওপর কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না।
‘হ্যাঁ’ জয়ী হলে প্রধান যে পরিবর্তনগুলো আসবে:
১. দ্বিকক্ষবিশিষ্ট সংসদ: বর্তমানের এককক্ষবিশিষ্ট সংসদের পরিবর্তে ভবিষ্যতে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে ১০০ সদস্যের একটি ‘উচ্চকক্ষ’ গঠিত হবে এবং যেকোনো সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের সমর্থন বাধ্যতামূলক হবে।
২. প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা: কোনো ব্যক্তি জীবনে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে।
৩. ডেপুটি স্পিকার ও অন্যান্য: সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। এছাড়া নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া জুলাই সনদে বর্ণিত পদ্ধতি অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হবে।
৪. সংবিধান সংস্কার পরিষদ: নির্বাচনের পর গঠিত নতুন সংসদের প্রথম ১৮০ কার্যদিবস ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে গণ্য হবে। এই সময়ের মধ্যে তারা জুলাই সনদের আলোকে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করবেন।
গণভোটের ব্যালটে ভোটারদের জন্য একটি মাত্র প্রশ্ন থাকবে, যেখানে চারটি মূল বিষয়ের ওপর সম্মতি বা অসম্মতি জানতে চাওয়া হবে। এই গণভোট ও সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা দেশব্যাপী প্রচারণা চালাচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, এই গণভোট মূলত জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সাংবিধানিক রূপ দেওয়ার একটি প্রক্রিয়া।



মন্তব্য করুন