আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা পক্ষপাতিত্বের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি নির্বাচনে সংশ্লিষ্ট কেউ নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হন, তবে কমিশন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “ভোটের ফলাফল নির্ধারণ করবেন কেবল সাধারণ ভোটাররা। আমাদের মূল দায়িত্ব হলো ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবার জন্য নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা।” তিনি স্পষ্ট করেন যে, কমিশন থেকে কোনো প্রার্থীর পক্ষেই কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
নির্বাচনে অর্থের প্রভাব কমাতে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে অবৈধ লেনদেন রোধে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ কাজ করছে। বিশেষ করে হঠাৎ লেনদেন বৃদ্ধি পাওয়া বা বন্ধ থাকা অ্যাকাউন্ট সচল হওয়ার বিষয়গুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
ভোটের স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পোস্টাল ভোটের ক্ষেত্রে ‘লাইভ ভেরিফিকেশন’ বাধ্যতামূলক করার কথাও জানান এই কমিশনার। এ ছাড়া বিদেশি মিশন প্রধান ও রাজনৈতিক দলগুলোকে কমিশনের এই স্বচ্ছ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।



মন্তব্য করুন