ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোটের প্রচারণায় আজ সিরাজগঞ্জ আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের টানা নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

রংপুর থেকে সড়কপথে ঢাকা ফেরার পথে তারেক রহমান এই জনসভায় যোগ দেবেন। দলীয় সূত্রে জানা গেছে, এই মঞ্চ থেকেই তিনি সিরাজগঞ্জ ও পাবনা জেলার সবকটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের ভোটারদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই সিরাজগঞ্জ ও আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

এর আগে শুক্রবার রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠের জনসভায় তারেক রহমান ভোটারদের উদ্দেশে দ্বৈত বার্তা দেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘জুলাই সনদ’ ও সংবিধান সংস্কারের স্বপক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। রংপুরের জনসভায় তিনি উত্তরাঞ্চলের উন্নয়নে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানিয়েছেন, জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।