নির্বাচনী ফলাফল ঘোষণায় দীর্ঘসূত্রতা হলে তা নিয়ে জনমনে গভীর সন্দেহ ও অসৎ উদ্দেশ্যের প্রশ্ন দেখা দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট শেষ হওয়ার ২ থেকে সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে; এর বেশি সময় লাগলে বুঝতে হবে পর্দার আড়ালে কোনো ষড়যন্ত্র চলছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে হাব-বায়রা-অ্যাটাব আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মির্জা আব্বাস পোলিং এজেন্টদের প্রতি কড়া নির্দেশনা দিয়ে বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে কোনো অবস্থাতেই এজেন্টরা কেন্দ্র ত্যাগ করবে না।

বিএনপি এই সিনিয়র নেতা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “হাসিনা সরকার বিদায় নিলেও দেশের মানুষ এখনো কাঙ্ক্ষিত স্বস্তিতে নেই। শুধু পুলিশি হয়রানি বন্ধ হয়েছে, কিন্তু বাকি সব ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। মনে হচ্ছে শুধু ঢাকা-৮ আসনেই নির্বাচন হচ্ছে—এমনভাবে আমাদের উসকানি দেওয়া হচ্ছে যাতে সারা দেশের নির্বাচন বানচাল করা যায়।”

ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেবল মৌখিক সমর্থন নয়, সশরীরে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। রাজনৈতিক অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এলাকায় কিছু নবাগত ‘অর্বাচীন বালক’ গজিয়েছে যারা শুধু তাকে গালিগালাজ করে সময় পার করছে। তিনি নিজেকে দুর্নীতিমুক্ত দাবি করে বলেন, এই এলাকার কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে স্বার্থের প্রয়োজনে মির্জা আব্বাসকে এক কাপ চাও খাওয়াতে পেরেছে।

মতবিনিময় সভা শেষে মির্জা আব্বাস পুরানা পল্টন, সেগুনবাগিচা ও নয়াপল্টন এলাকার বিভিন্ন গলিতে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এ সময় তিনি ১২ ফেব্রুয়ারি দেশ বাঁচাতে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।