নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় দ্বীপ উপজেলা হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এই হামলা হয়। এতে ‘শাপলা কলি’ প্রতীকের তিন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার বিষয়ে আবদুল হান্নান মাসউদ জানান, সন্ধ্যায় তালতলা বাজারে তার নির্বাচনী কার্যালয় ভাঙচুরের খবর পেয়ে তিনি সেখানে যান। স্থানীয়রা জড়ো হলে তিনি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় তাকে লক্ষ্য করে হঠাৎ ইট-পাটকেল ছোড়া হয়। এতে তার তিন কর্মী আহত হন এবং সভার শৃঙ্খলা বিঘ্নিত হয়।
আহতদের মধ্যে তমরুদ্দি ইউনিয়নের মো. দিদার উদ্দিন (৩০) ও মো. সম্পদকে (১৫) উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্ধকারের সুযোগ নিয়ে কারা এই হামলা চালিয়েছে তা চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। নির্বাচনী পরিবেশ রক্ষায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।



মন্তব্য করুন