আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৭ আসনে প্রচারণায় নেমেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে তিনি গুলশান ও শাহজাদপুর এলাকায় বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

বিকেল ৩টার দিকে শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে সিঁথি তাঁর প্রচারণা শুরু করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের হাতে বিএনপির নির্বাচনী ইশতেহার ও ধানের শীষের লিফলেট তুলে দেন। পরে তিনি গুলশান ডিএনসিসি মার্কেট এলাকায় গিয়ে ভোটারদের কাছে তারেক রহমানের জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন।

দীর্ঘদিন পর জিয়া পরিবারের কোনো সদস্য সরাসরি রাজপথে নির্বাচনী প্রচারণায় নামায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এ সময় সিঁথি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে টেকসই গণতন্ত্র ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।

গণসংযোগকালে সৈয়দা শামিলা রহমান সিঁথির সঙ্গে ছিলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ ঢাকা-১৭ আসনের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। উল্লেখ্য, এই আসনে বিএনপির হয়ে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান।