ফেব্রুয়ারি মাসজুড়ে সরকারি চাকরিজীবীদের জন্য লম্বা ছুটির এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। শবেবরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দফায় মোট আট দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন তারা।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরবর্তী দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও তার পরের দুদিন অর্থাৎ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।

অন্যদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরের দুদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সেখানেও মিলছে টানা চার দিনের নিশ্চিত ছুটি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ ছুটি কার্যকর হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি রয়েছে, যার মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।