বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে দলের অবস্থান পুনরায় স্পষ্ট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ‘আপত্তিকর’ পোস্টের প্রেক্ষিতে রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দলের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের ইশতেহার শুরু থেকেই নারীদের বিষয়ে স্পষ্ট। শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন এবং উদ্যোক্তা হিসেবে নারীদের সক্রিয় ও সম্মানজনক ভূমিকা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, সমান বেতন, শিশু যত্ন সহায়তা (ডে-কেয়ার) এবং হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী।”

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি বিতর্কিত পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে ইন্টারনেটে ব্যাপক তোলপাড় শুরু হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার হামলার মাধ্যমে অ্যাকাউন্টটি হ্যাক করে ওই অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়েছিল।

আমির আরও জানান, আগামী ৩ ফেব্রুয়ারি জামায়াতের পূর্ণাঙ্গ নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে নারী উন্নয়ন নিয়ে বিস্তারিত রোডম্যাপ থাকবে। তিনি বলেন, “এগুলো কোনো চাপের মুখে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং দলের দীর্ঘদিনের ধারাবাহিক নীতি। গত ২০ জানুয়ারি পলিসি সামিটেও আমি এ কথাগুলো বলেছি। আমাকে আমার কাজ ও রেকর্ড দিয়ে বিচার করুন, গুজব দিয়ে নয়।”