আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থের অবৈধ প্রভাব ও ভোটার কেনাবেচা রোধে মোবাইল ব্যাংকিং (MFS) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের ওপর নজিরবিহীন কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দিন বিকাশ, নগদ ও রকেটসহ সব এমএফএস সেবায় একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না। দিনে মোট লেনদেনের সীমাও ১০ হাজার টাকায় নামিয়ে আনা হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) বিশেষ অনুরোধে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ এই ব্যবস্থা নিচ্ছে। বর্তমানে এমএফএসে দিনে ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠানোর সুযোগ থাকলেও নির্বাচনের আগের এই ছয় দিন তা ব্যাপকভাবে সংকুচিত থাকবে।

একই সময়ে ইন্টারনেট ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপের (যেমন: ব্র্যাক ব্যাংকের আস্থা, সিটিটাচ, নেক্সাস পে) মাধ্যমে পারসন-টু-পারসন (P2P) ফান্ড ট্রান্সফার সুবিধা পুরোপুরি বন্ধ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থাৎ এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো যাবে না।

এর পাশাপাশি নগদ টাকা উত্তোলনেও নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ব্যাংক হিসাব থেকে দিনে ১০ লাখ টাকা বা তার বেশি লেনদেন হলে তাৎক্ষণিকভাবে বিএফআইইউকে জানাতে হবে। ব্যাংকগুলো এই তথ্য গোপন করলে কঠোর শাস্তির মুখে পড়বে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। হঠাৎ এই সিদ্ধান্তে সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বড় ধরনের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।