ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৮ আসনে প্রচারণার মাঠ এখন উত্তপ্ত। এই আসনের অন্যতম হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে শুরু হয়েছে তীব্র বাগযুদ্ধ। রোববার সকালে দুই প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালানোর সময় একে অপরের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন।

সকালে খিলগাঁও এলাকায় গণসংযোগকালে মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী তরুণ প্রার্থীদের লক্ষ্য করে বলেন, “কিছু বাচ্চা ছেলে বেসামাল কথাবার্তা বলছে, যা অত্যন্ত বিরক্তিকর। তারা চাচ্ছে আমরা তাদের কাছ থেকে রাজনীতি শিখি। এসব প্রার্থীর মুখে সারাদিন শুধু আমারই নাম; তারা ভোট না চেয়ে অনর্গল আমার বিরুদ্ধে কথা বলছে। মূলত তারা উসকানি দিয়ে সারা দেশের নির্বাচন বানচাল করতে চায়।” তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ এই এলাকাকে ধ্বংস করে দিয়ে গেছে এবং তিনি জনগণের উন্নয়নে কাজ করতে চান।

পাল্টা জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী আব্বাসকে ‘গ্যাংস্টার’ ও ‘দুর্নীতিবাজ’ হিসেবে অভিহিত করে বলেন, “একজন গ্যাংস্টার, চাঁদাবাজ ও পেশিশক্তির ব্যবহারকারী ব্যক্তি যখন সংসদে যাওয়ার স্বপ্ন দেখেন, তখন আমাদের চুপ থাকা সম্ভব নয়। আমরা বিষোদ্গার করছি না, বরং দেশের মৌলিক সমস্যা এবং এই এস্টাবলিশমেন্টের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি।”

পাটওয়ারী আরও যোগ করেন, “আগে শেখ হাসিনাও আমাদের অর্বাচীন বা বেয়াদব বলতেন যখন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতাম। এখন এই বর্ষীয়ান নেতারাও একই সুরে কথা বলছেন।” ঢাকা-৮ আসনে এই দুই প্রজন্মের নেতার পাল্টাপাল্টি বক্তব্য সাধারণ ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।