বাগেরহাটের মোংলায় লোকালয় থেকে আবারও একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। উদ্ধার হওয়া মায়াবী চিত্রা হরিণটি সুস্থ থাকায় পরে সেটিকে পুনরায় সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। তবে হরিণটি পশুর নদী সাঁতরে লোকালয়ে এসেছে, নাকি চোরা শিকারীরা ধরে এনেছিল—তা খতিয়ে দেখছে বনবিভাগ।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় স্থানীয়রা একটি হরিণ ছোটাছুটি করতে দেখে বনবিভাগকে খবর দেয়। পরে বনবিভাগের সদস্যরা গ্রামবাসীর সহায়তায় ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, উদ্ধার হওয়া হরিণটি সুস্থ থাকায় সেটিকে বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। তিনি বলেন, “খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়।”
তবে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ দাবি করেন, পশুর নদী পার হয়ে রোববার কোনো এক সময় হরিণটি তেলিখালী এলাকায় চলে আসে এবং পরে এলাকায় ঘোরাফেরা করতে থাকে।
এ বিষয়ে বনবিভাগ সন্দেহ প্রকাশ করেছে। সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, “এতো বড় পশুর নদী সাঁতরে একটি হরিণ লোকালয়ে চলে আসা বাস্তবসম্মত নয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরা শিকারীরা শিকার করে আনার পর কেউ দেখে ফেলায় সেটিকে ছেড়ে দিয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, মোংলার লোকালয় থেকে এর আগেও বিভিন্ন সময়ে একাধিক জীবিত হরিণ উদ্ধারের ঘটনা ঘটেছে। একের পর এক এমন ঘটনার কারণে স্থানীয় পরিবেশবিদদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।



মন্তব্য করুন