দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে নতুন এই দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। এর আগে এই মানের স্বর্ণ ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকায় বিক্রি হচ্ছিল।
অন্যান্য মানের স্বর্ণের দামও আনুপাতিক হারে কমেছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণের দাম কমলেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৭ হাজার ২৯০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। তবে গয়নার নকশাভেদে মজুরির তারতম্য হতে পারে।
উল্লেখ্য, চলতি ২০২৬ সালে এ নিয়ে মোট ২০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছে ৬ বার। গত ২৯ জানুয়ারি দেশে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় পৌঁছেছিল।



মন্তব্য করুন