নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের নেপথ্যে থাকা চক্রকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে এক পথসভায় তিনি এ তথ্য জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটি বিপথগামী চক্র আপত্তিকর পোস্ট দিয়েছে। আমরা ইতোমধ্যে সেই ডিজিটাল ডাকাতদের ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এই হামলা চালানো হয়েছে, তাও চিহ্নিত। খুব শিগগিরই আমরা বিষয়টি জাতির সামনে পরিষ্কারভাবে তুলে ধরব।’
নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জামায়াত আমির আরও বলেন, ‘যারা এই ধরনের নোংরা কাজ করছে, তাদের হাতে দেশের দায়িত্ব দেওয়া নিরাপদ নয়। এদের হাতে দেশ গেলে তারা ১৮ কোটি মানুষকে শেষ করে দেবে।’ এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কাউকে পরোয়া করার প্রশ্নই ওঠে না।’
বক্তব্যে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পচা রাজনীতি রুখতে এবং সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করতে এই ভোট অত্যন্ত জরুরি। নির্বাচনে কোনো ধরনের ভোট ডাকাতি বা জালিয়াতি বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাতে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছিল যে, অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে।



মন্তব্য করুন