ভোররাতে মৃদু কম্পনে কেঁপে উঠেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভৌগোলিক মানচিত্রে এর অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।
আন্তর্জাতিক ভূকম্প বিজ্ঞান কেন্দ্র ইএমএসসি (EMSC) ও ভারতের এনসিএস (NCS) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রস্থলের গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় কম্পনটি খুব একটা শক্তিশালী ছিল না। তবে ভোররাতে সাতক্ষীরা ছাড়াও খুলনা, যশোর ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়ে আসেন।
এখন পর্যন্ত এই কম্পনে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।



মন্তব্য করুন