আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি), হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে পালিত হবে মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত বা শবে বরাত। মুসলিম উম্মাহর কাছে এই রাতটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা ‘মুক্তির রাত’ হিসেবেও পরিচিত।
শবে বরাত ফারসি শব্দ, যার অর্থ সৌভাগ্যের রাত। বিশ্বাস করা হয়, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমতের দুয়ার খুলে দেন এবং শিরককারী ও হিংসুক ছাড়া ক্ষমা প্রার্থনা করা সকলকে ক্ষমা করেন। পবিত্র এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও বিশেষ মোনাজাতের মাধ্যমে রাত অতিবাহিত করেন। অনেকেই প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন এবং পুরো বিশ্বের সুখ-শান্তি কামনায় দোয়া করেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশে সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি-বেসরকারি সকল অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রাসুলুল্লাহ (সা.) শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন। শবে বরাতের সম্মানার্থে আগের দিন বা পরদিন রোজা রাখা সুন্নত হিসেবে পালিত হয়। এছাড়া এই রাতটি পবিত্র রমজান মাসের আগমনী বার্তাও বহন করে। শবে বরাতের পর থেকেই মুমিন মুসলমানরা সিয়াম সাধনার মাস রমজানের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেন।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের মসজিদগুলোতে আজ রাতভর ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিবসটি পালনের আহ্বান জানিয়েছে।



মন্তব্য করুন