নির্বাচনী প্রচারণায় নেমে মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা-৮ আসনের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মতিঝিল ও দৈনিক বাংলা মোড় এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, “মাদক ও সন্ত্রাস এখন নির্বাচনে ঢুকে গেছে। যারা মাদকসম্রাট আছেন, তাদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।”

গণসংযোগকালে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, তাদের ১১ দলীয় জোটে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর স্থান নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে এই জোটই সরকার গঠন করবে। হকারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। নির্বাচনের পরেও আমাদের এই ঐক্য অটুট থাকবে এবং জোট আরও বড় হবে।”

প্রচারণাকালে তিনি বিএনপির সমালোচনা করে বলেন, যেখানেই মাদক বা সমস্যা দেখা দিচ্ছে, সেখানেই বিএনপির লোকজনের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকসহ বিএনপি কর্মীর আটকের ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন। একই সাথে তিনি নির্বাচনের দিন প্রশাসনকে শতভাগ নিরপেক্ষ থাকার আহ্বান জানান।