কিশোরগঞ্জের কৃষিনির্ভর অর্থনীতিকে শিল্পে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই উন্নয়ন পরিকল্পনার কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, কিশোরগঞ্জ শিল্পপ্রধান এলাকা না হলেও এখানকার মূল শক্তি কৃষি। তাই কৃষিকে কেন্দ্র করেই আধুনিক উন্নয়নের রূপরেখা প্রণয়ন করা হবে। ক্ষমতায় গেলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি দেশের নদ-নদী ও হাওর রক্ষা করে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি। নদী খনন ও দখলমুক্ত করার মাধ্যমেই দেশের সামগ্রিক সংস্কার শুরু হবে বলে তিনি মন্তব্য করেন।

উন্নয়নের অর্থায়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ দেশে ফেরত আনতে পারলে অর্থের অভাব হবে না। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের মাধ্যমেই দেশের অবকাঠামো ও জনকল্যাণমূলক প্রকল্পগুলো বাস্তবায়ন সম্ভব।

নির্বাচন প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে আর কোনো ‘চোরাই পথে’ নির্বাচন হতে দেওয়া হবে না। ভোটাধিকার হরণে কোনো দুর্বৃত্ত চেষ্টা চালালে তাকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়া প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, মা-বোনদের প্রতি অশালীন আচরণের প্রতিবাদ করায় একটি চক্র তার বিরুদ্ধে লেগেছে। আইটি টিমের মাধ্যমে হ্যাকারদের শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি অভিযোগ করেন, সব তথ্য সামনে আসার পরও একটি রাজনৈতিক দল এই ঘটনা নিয়ে অপপ্রচার চালিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কেবল নিজেদের বিজয় চায় না, বরং ১৮ কোটি মানুষের অধিকার ও বিজয় নিশ্চিত করতে চায়। জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে উক্ত জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলার পাঁচটি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই জেলার ১৩টি উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কটিয়াদী মাঠে সমবেত হন।