আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিবিরোধী কঠোর কাঠামোর পাশাপাশি অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের অঙ্গীকার থাকছে। বিশেষ করে ‘জুলাই সনদের’ আলোকে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়ার পরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ইশতেহারে ১৮ থেকে ৩৩ বছর বয়সী প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটারের মন জয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি। এর মধ্যে রয়েছে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান, বেকার ভাতা, স্টার্টআপ ফান্ড গঠন এবং কারিগরি দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা। এছাড়া বিদেশে নতুন শ্রমবাজার তৈরি ও মাদকবিরোধী টাস্কফোর্স গঠনের প্রতিশ্রুতিও থাকছে।

কৃষক ও শ্রমিকদের জন্য কৃষি উপকরণের দাম কমানো, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সহজ শর্তে কৃষিঋণের অঙ্গীকার করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সম্পত্তি দখল রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, নিরাপত্তা সেল এবং উৎসবকালীন রাষ্ট্রীয় সহায়তার ঘোষণা থাকছে ইশতেহারে। কওমি মাদ্রাসার উন্নয়ন ও ধর্মীয় শিক্ষার আধুনিকায়নেও থাকছে সুনির্দিষ্ট পরিকল্পনা।

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ রোপণ ও নদী খননের মতো জাতীয় ইস্যুগুলোর পাশাপাশি নারী নিরাপত্তার স্বার্থে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধির প্রস্তাবনাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মডেলে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যকে দলটির একটি অন্যতম রাজনৈতিক অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে।