আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি (সোমবার) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্বাচনী ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এক চিঠির মাধ্যমে বিটিভি কর্তৃপক্ষকে এই ভাষণ প্রচারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর প্রধানদের প্রচারণার সুযোগ দিতে বিটিভিতে নির্দিষ্ট সময় বরাদ্দ করা হয়েছে। নিয়ম অনুযায়ী লিখিত আবেদনের ক্রমানুসারে এই সময় নির্ধারণ করার কথা থাকলেও এখন পর্যন্ত কেবল বিএনপির পক্ষ থেকেই আবেদন জমা পড়েছে।
অন্য কোনো দলের আবেদন না পাওয়ায় তাদের চাহিদা অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে তারেক রহমানকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য বিটিভির মহাপরিচালককে অনুরোধ জানিয়েছে কমিশন। ভাষণের রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঠিক করবে বিটিভি কর্তৃপক্ষ।
ইসি জানিয়েছে, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমে সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্যেই এই বিশেষ সময় বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য নিবন্ধিত দলগুলো কেন এখনো আবেদন করেনি, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।



মন্তব্য করুন