রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।
আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক ভূ-তাত্ত্বিক সংস্থাগুলোর তথ্যমতে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। হালকা থেকে মাঝারি মাত্রার এই ঝাঁকুনি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আকস্মিক এই কম্পনে রাজধানীর বহুতল ভবনগুলো থেকে আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসে। তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে একইদিন ভোরে আরও একটি মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশ। ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে অনুভূত হওয়া সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ভোরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়।
একই দিনে দুই দফা ভূমিকম্পের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে বড় ধরনের ভূমিকম্প পরবর্তী আফটারশক বা সম্ভাব্য ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



মন্তব্য করুন