নওগাঁ সদর উপজেলায় নির্বাচনী প্রচারণার ভিডিও করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ জামায়াত নেতাকর্মীদের উদ্ধার করে।
আহতদের মধ্যে জামায়াতের চারজন ও বিএনপির একজন কর্মীকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামায়াতের আহত কর্মীরা হলেন—হাসান প্রামাণিক (৩৮), জাহিদ হাসান (২৫), মোস্তাফিজুর (৫৮) ও রুস্তম আলী (৪০)। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি কর্মী রাকিব হাসান (২০) হাঁসাইগাড়ী ইউনিয়নের গোপাই গ্রামের বাসিন্দা। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত প্রার্থী আ স ম সায়েম মাখনা কোমলগোটা গ্রামে নির্বাচনী গণসংযোগ শেষে এক কর্মীর বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় পাশের গোপাই গ্রামের কয়েকজন বিএনপি কর্মী সেখানে গিয়ে খাবারের প্রস্তুতির ভিডিও ধারণ করতে শুরু করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে তা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে রূপ নেয়। উত্তপ্ত পরিস্থিতির মুখে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াত প্রার্থী ও তার সমর্থকদের একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত বিএনপি কর্মী রাকিব হাসানের দাবি, জামায়াতের কর্মীরা গ্রামে রান্নার আয়োজন করেছিল। সেই ভিডিও করতে গেলে ৫০-৬০ জন তাদের ওপর হামলা চালায়। তবে জামায়াত কর্মী হাসান প্রামাণিকের পাল্টা অভিযোগ, খাবারের কোনো আয়োজন ছিল না; ভিডিও করার নামে পরিবেশ উত্তপ্ত করে পরে পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয়েছে।
নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম অভিযোগ করেছেন, তাদের প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে পাইপ দিয়ে অতর্কিত হামলা চালানো হয়েছে। অন্যদিকে, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াতের লোকেরাই প্রথমে হামলা চালিয়ে তাদের কর্মীদের আহত ও মোবাইল ফোন ভাঙচুর করেছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন