রাজধানীসহ দেশের সিটি করপোরেশন এলাকাগুলোতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। অলিগলি থেকে শুরু করে ভোটারদের ড্রয়িংরুম—সর্বত্রই এখন প্রার্থীদের ভিড়। গ্যাস সংকট নিরসন, সুপেয় পানির নিশ্চয়তা আর যানজটমুক্ত নগরী গড়ার একগুচ্ছ প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে নগর বিশ্লেষক ও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, সিটি করপোরেশন এলাকায় একজন সংসদ সদস্যের (এমপি) আসলে কতটুকু ক্ষমতা আছে এসব সমস্যা সমাধানের?

ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় সংসদীয় আসন রয়েছে ৩২টি, যার মধ্যে কেবল ঢাকাতেই ১৫টি। এই বিশাল নগর জীবনে নাগরিক সেবা নিশ্চিতে রাজধানী ঢাকায় সিটি করপোরেশনসহ অন্তত ৫০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কাজ করে। আইনত এই প্রতিষ্ঠানগুলোর ওপর সংসদ সদস্যদের সরাসরি কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই। ফলে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো নিয়ে প্রার্থীরা যেসব আশ্বাস দিচ্ছেন, তার বাস্তবায়ন নিয়ে সংশয় থেকে যায়।

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক এ প্রসঙ্গে বলেন, “ভোটের রাজনীতির জন্য অনেক প্রার্থী সম্ভব-অসম্ভব সব ধরনের অঙ্গীকার করছেন। কিন্তু সিটি করপোরেশন এলাকায় সংসদ সদস্যদের কাজের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা থাকে।”

অন্যদিকে ঢাকা-৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের মতে, এমপির ভূমিকা হওয়া উচিত সমন্বয়কের। তিনি বলেন, “ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো প্রকট। আমরা নির্বাচিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি করব এবং সমন্বয় করে কাজগুলো আদায় করে নেব।”

বিশেষজ্ঞরা বলছেন, একজন এমপির মূল কাজ আইন প্রণয়ন ও নীতিনির্ধারণী পর্যায়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহান বলেন, “অনেক প্রার্থীরই স্পষ্ট ধারণা নেই যে তারা কাজগুলো কীভাবে করবেন। ফলে তারা এমন সব প্রতিশ্রুতি দেন যা পরবর্তী ৫ বছরেও বাস্তবায়ন করা সম্ভব হয় না। এমপির কাজ হওয়া উচিত পলিসি লেভেলে, যাতে নাগরিক সেবা প্রাপ্তির পথ আইনগতভাবে সহজ হয়।”

নগরবিদরা মনে করেন, প্রার্থীরা যখন আকাশচুম্বী প্রতিশ্রুতি দেন, তখন ভোটারদের উচিত সেই কাজের আইনি ভিত্তি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা। নচেৎ প্রতি নির্বাচনের মতো এবারও প্রতিশ্রুতিগুলো কেবল প্রচারপত্রেই সীমাবদ্ধ থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।